২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের দুটি ম্যাচ সামনে রেখে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চোটের মিছিলে সেলেসাওদের তিনজন এবং আলবিসেলেস্তেদের চার তারকা ছিটকে গেছেন। অবশ্য চোটের ধাক্কা একপাশে রেখে ভিন্ন দুই ম্যাচে নামছে লাতিন পরাশক্তি দুদল।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ভেনেজুয়েলা। তার ঘণ্টা তিনেক পর অর্থাৎ, শুক্রবার ভোর ছটায় চিলির আতিথ্য নেবে ব্রাজিল।
অক্টোবর উইন্ডোতে বাছাইয়ের দুটি জন্য আর্জেন্টিনার ঘোষিত দল থেকে চারজন ছিটকে গেছেন। নিকোলাস গঞ্জালেস, পাওলো দিবালা ও মার্কোস আকুনার পর চোট আক্রান্তের তালিকায় যুক্ত হন আলেজান্দ্রো গার্নাচো। এছাড়া বলিভিয়া ও কলম্বিয়া ম্যাচে আপত্তিকর আচরণের দায়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন দলটির বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
৮ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। তবে চোটের মিছিল অবশ্য দুশ্চিন্তায় রাখছে কোচ লিওনেল স্কালোনিকে। তার মধ্যে খুশির খবর অবশ্য মেসি ফিরছেন ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে। কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়েছিলেন মেসি। জাতীয় দলের জার্সিতে সেপ্টেম্বর উইন্ডোতে তাই খেলা হয়নি বিশ্বজয়ী মহাতারকার। আক্রমণে মেসি, জুলিয়ান আলভারেজ ও লৌতারো মার্টিনেজকে নিয়ে নামবে আর্জেন্টিনা।
অন্যদিকে ব্রাজিলের বাছাইয়ের দল থেকে ছিটকে গেছেন অ্যালিসন বেকার, তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও ডিফেন্ডার এডের মিলিতাও। বাছাইয়ের পয়েন্ট টেবিলেও খুব একটা সুবিধাজনক স্থানে নেই ব্রাজিল। ৮ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে, চার হার ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আছে পাঁচে।
সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিতে চিলির বিপক্ষে জয়টা গুরুত্বপূর্ণ ব্রাজিলের। জয়ের লক্ষ্যে রাফিনহা, এন্ড্রিক ও রদ্রিগোদের নিয়েই একাদশ সাজাবেন কোচ ডোরিভাল জুনিয়র।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: জেরোনিমো রুল্লি (গোলরক্ষক), নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডে পল, এনজো ফের্নান্দেজ, লিওনেল মেসি, লৌতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজ।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: এডেরসন (গোলরক্ষক), মার্কুইনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, দানিলো, লুকাস বেরালদো, লুকাস পাকুয়েতা, ব্রুনো গুইমারায়েস, গের্সন, রদ্রিগো, এনড্রিক ফিলিপে ও রাফিনহা।








