গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। ১৫ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪টি। এই প্রস্তাবে ভোট দেয়া থেকে শুধু বিরত ছিল রাশিয়া। হামাসকে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়েছে।
ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড। যুদ্ধবিরতির এই প্রস্তাবকে নতুন সুযোগ বলেও অভিহিত করেন তিনি। লিন্ডা বলেন, ‘আজ আমরা শান্তির জন্য ভোটাভুটি করলাম’।

নিরাপত্তা পরিষদে পাস হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে যুদ্ধবিরতির শর্তগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছে হামাস। তবে নিরাপত্তা পরিষদে পাস হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
আবার যুক্তরাষ্ট্র বলছে, ইসরায়েল এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪টি দেশ। শুধুমাত্র রাশিয়া ভোটদানে বিরত ছিল।
গত ৩১ মে গাজায় তিন ধাপে যুদ্ধবিরতির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়।








