প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও রিটার্নিং অফিসারসহ দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনা শাখা থেকে শনিবার আইজিপিসহ সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
শনিবার ১৩ ডিসেম্বর মহাপুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত আলাদা আলাদা চিঠি পাঠিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়েদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করেছেন।
তফসিল ঘোষণার পরদিনই ঢাকায় একজন সম্ভাব্য প্রার্থী গুলবিদ্ধ হয়েছেন এবং লক্ষ্মীপুর নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরইমধ্যে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি।
ইসির উপসচিব জানান, সিইসি, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের পুলিশ এসকর্ট নিরাপত্তা বাড়ানো; ঢাকা, চট্টগ্রাম ও খুলনা রিটার্নিং অফিসারদের জন্য গানম্যান নিয়োগ ও অন্য রিটার্নিং অফিসারদের নিরাপত্তা বাড়ানো; সারাদেশের নির্বাচন অফিসের নিরাপত্তা সুনিশ্চিতের জন্য চিঠি দেওয়া হয়েছে।








