বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বাংলাদেশে আর চলবে না গুপ্ত রাজনীতি। জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের সব কমিটি প্রকাশ করতে হবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে গুপ্ত রাজনীতি বিষয়ে তিনি এ কথা বলেন।
রাকিব বলেন, আমরা দেখতে চাই, তাদের কয়েক লক্ষ নেতা-কর্মীর কেউ কখনও পারিবারিক, সামাজিক বা ব্যক্তিগত সমস্যামুক্ত কিনা। তাদের বর্ণনা অনুযায়ী তারা ভিন্ন গ্রহের ফেরেশতা কি না, তা যাচাই-বাছাই করার সময় এসেছে।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যদি ব্যক্তিগত বা সামাজিক সমস্যায় জর্জরিত হন, তাহলে তা নিয়ে মিথ্যাচার, গুজব ও অপপ্রচার সৃষ্টি করা হয়।
রাকিব অভিযোগ করেন, এমন অপকর্মের জন্য ছাত্র শিবির সরাসরি না থেকে তাদের ‘বি টিম’ ও ‘সি টিম’ ব্যবহার করে।
রাকিব আরও বলেন, অপরপক্ষে জামায়াত ইসলাম ও ছাত্র শিবির তাদের নিজস্ব নেতা-কর্মীদের পরিচয় গোপন রাখে এবং পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সমস্যায় জর্জরিত হলেও দলীয়ভাবে দায় নেয়ার চেষ্টায় থাকে না। এ ধরনের অপকৌশলের রাজনীতি করে জামায়াত শিবিরকে আমরা এবং আলেম সমাজ মোনাফেক হিসেবে আখ্যায়িত করি।
ছাত্রদলের সভাপতি সতর্ক করে বলেন, এ অবস্থা আর চলতে দেওয়া হবে না। লক্ষ লক্ষ নেতা-কর্মীদের গুপ্ত রেখে বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার এ রাজনীতি বন্ধ করা হবে। অচিরেই এ বিষয়ে রাজনৈতিকভাবে সুরাহা হবে।









