শুরু হল স্কুল হ্যান্ডবলের জমজমাট টুর্নামেন্ট। মঙ্গলবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুর বারোটায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা ওঠে ২৮তম আসরের। প্রথম ম্যাচে সাউথ ব্রীজ স্কুলকে ৩-২ গোলে হারায় বিসিআইসি কলেজ।
চলতি আসরে বালক বিভাগে অংশ নিচ্ছে ২৪টি স্কুল, বালিকা বিভাগে ১৯টি। দল সংখ্যা বাড়ায় টুর্নামেন্ট দুটি স্টেডিয়ামে হচ্ছে। বালক বিভাগের খেলাগুলো হচ্ছে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। বালিকা বিভাগের ম্যাচগুলো হচ্ছে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে।
বালক বিভাগে ৮টি গ্রুপ ও বালিকা বিভাগে ছয়টি গ্রুপ করে হচ্ছে খেলা। ৪ সেপ্টেম্বর দুই বিভাগের ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে।
প্রথমদিনে বালক বিভাগে মাঠে গড়িয়েছে ৭টি ম্যাচ। একইদিনে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বালিকা বিভাগ লড়েছে সমান ৭টি ম্যাচে।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় হচ্ছে টুর্নামেন্টটি।
প্রথমদিনে বালক বিভাগে জয় পেয়েছে- বিসিআইসি কলেজ, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, স্কলাস্টিকা (উত্তরা), সানিডেইল ও নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়।
বালিকা বিভাগে জিতেছে- মতিঝিল আইডিয়াল স্কুল, নৌ-বাহিনী কলেজ, সানিডেইল, শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ, স্কলাস্টিকা (উত্তরা) ও ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ।







