আন্তর্জাতিক

ফেসবুক মন্তব্যে মৃত্যুদণ্ড, শ্রীলঙ্কান প্রবাসীর সাজা বাতিল করল সৌদি সুপ্রিম কোর্ট

ফেসবুক মন্তব্যে মৃত্যুদণ্ড, শ্রীলঙ্কান প্রবাসীর সাজা বাতিল করল সৌদি সুপ্রিম কোর্ট

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফেসবুকে ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া শ্রীলঙ্কার এক প্রবাসী শ্রমিকের সাজা বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

বুধবার (১৪ অক্টোবর) শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমাচন্দ্র এ তথ্য জানিয়েছেন।

২৭ বছর বয়সী আনোজান শিভারাসাকে গত সেপ্টেম্বরে মৃত্যুদণ্ড দেন সৌদি আরবের একটি আপিল আদালত। তার বিরুদ্ধে ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগ আনা হয়েছিল। এ ঘটনায় শ্রীলঙ্কায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়। তার প্রাণভিক্ষার জন্য কূটনৈতিক তৎপরতাও শুরু হয়।

ফেসবুকে দেওয়া এক পোস্টে শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে। এ উদ্যোগের জন্য দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনি দলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত জুনের শেষ দিকে হিন্দু তীর্থযাত্রীদের অনুসরণ করে যাওয়া এক তরুণ মুসলিমের কুকুরকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে অনলাইনে ধর্মীয় বিতর্ক শুরু হয়। একপর্যায়ে এক ব্যবহারকারী হিন্দু দেবতাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এর জবাবে তামিল ভাষায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন শিভারাসা।

পরে তিনি মন্তব্যটি মুছে ফেলেন এবং ক্ষমা চেয়ে একটি ভিডিও প্রকাশ করেন। তবে মন্তব্যটির স্ক্রিনশট তার নিয়োগকর্তা ও সৌদি কর্তৃপক্ষের নজরে এলে জুলাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সৌদি আরবের আল-আহসা ফৌজদারি আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৩০ লাখ সৌদি রিয়াল জরিমানা করেছিল। পরে আপিল আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।

তবে মৃত্যুদণ্ড বাতিলের পর তার বিরুদ্ধে আর কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না, তিনি কারাগারে থাকবেন কি না এবং থাকলে কত দিন, তা এখনো স্পষ্ট নয়। শ্রীলঙ্কার আইনপ্রণেতা ফাইজার মুস্তাফাও বিবিসি সিংহলাকে মৃত্যুদণ্ড বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের সর্বশেষ রায় পর্যালোচনা করা হচ্ছে।

শিভারাসার পরিবার জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বরের পর থেকে তার সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ করতে পারেনি তারা। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও তার মৃত্যুদণ্ড বাতিলের আহ্বান জানিয়েছিল।

হিউম্যান রাইটস ওয়াচের সৌদি আরববিষয়ক জ্যেষ্ঠ গবেষক জোয়ি শিয়া বলেন, মতপ্রকাশ-সংক্রান্ত অপরাধে কঠোর সাজা দিতে অপব্যবহারমূলক আইন প্রয়োগ বন্ধ করা উচিত সৌদি কর্তৃপক্ষের। বিশেষ করে প্রবাসী শ্রমিকেরা আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন এবং তাদের সুরক্ষাও সীমিত।

বিষয়:ফেসবুক মন্তব্য মৃত্যুদণ্ড শ্রীলঙ্কান প্রবাসী সাজা বাতিল সৌদি সুপ্রিম কোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…