শাহরুখ, সালমান ও আমির— বলিউডের এই তিন খান যখন একসঙ্গে হাজির হন, তখন সেটা বড় ঘটনা হয়ে দাঁড়ায়। বুধবার রাতে এমনই এক বিরল মুহূর্তের সাক্ষী হলো বলিউড।
তবে এটি কোনো জমকালো পার্টি নয় বরং আমির খানের ছেলে জুনায়েদ খান-এর প্রথম সিনেমা ‘লভেয়াপা’-র বিশেষ প্রদর্শনীতে একসঙ্গে উপস্থিত হন এই তিন খান। জুনায়েদ ও খুশি কাপুর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হলেন।
ছবি দেখতে শাহরুখ খান যখন অনুষ্ঠানস্থলে পৌঁছান, আমির খান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। দু’জন একে অপরকে আলিঙ্গন করেন এবং শাহরুখ মজার ছলে আমিরের গালে একটি চুমু খান। ক্যামেরায় ধরা পড়া এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং ভক্তদের মন জয় করেছে। পরবর্তীতে তিন খান একসঙ্গে জুনাইদের সঙ্গে পোজ দেন এবং সেই ছবিও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
শাহরুখ সাদাসিধা অনুষ্ঠানস্থলে এলেও সালমান খান ‘লভেয়াপা’র প্রদর্শনীতে এসেছিলেন কড়া নিরাপত্তা নিয়ে। সিনেমা দেখার পর তিনি ও আমির একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন।
‘লভেয়াপা’ ছবিটি প্রযোজনা করেছে ফ্যান্টম স্টুডিওস ও এজিএস এন্টারটেইনমেন্ট, আর পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। –এনডিটিভি








