বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানাকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
আজ ১৮ নভেম্বর সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গেল ২৬ আগস্ট অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয় সায়েমা শাহীন সুলতানাকে। তখন একসঙ্গে ১৩১ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব করা হয়েছিল।
এদিকে তিন মাসে (আগস্ট-অক্টোবর) সহকারী সচিব থেকে সচিব পদে ৭৬৮ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের বিগত তিন মাসের উল্লেখযোগ্য কার্যক্রম সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রোববার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিগত তিন মাসে (আগস্ট-অক্টোবর) সিনিয়র সচিব/সচিব পদে ১২ জন, গ্রেড-১ পদে ৩ জন, অতিরিক্ত সচিব পদে ১৩৫ জন, যুগ্মসচিব পদে ২২৬ জন, উপসচিব পদে ১২৫ জন, অন্যান্য ক্যাডারে ২২১ জন, সিনিয়র সহকারী সচিব (নন-ক্যাডার) পদে ৯ জন এবং সহকারী সচিব (নন-ক্যাডার) পদে ৩৭ জনসহ সর্বমোট ৭৬৮ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।







