গ্রুপপর্বে শ্রীলঙ্কার সঙ্গে হারলেও সুপার ফোরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে চার উইকেটে জয়, তবে এখনই তৃপ্তির ঢেঁকুর তোলার সুযোগ নেই লাল-সবুজদের। সামনে ভারত ও পাকিস্তানের বিপক্ষে লড়াই। ম্যাচ বাই ম্যাচ খেলার ধারায় বাংলাদেশের পুরো মনোযোগ এখন ভারত ম্যাচে। তবে ফাইনাল খেলার পথে দল একধাপ এগিয়েছে, মনে করেন সাইফ হাসান।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। দুনিথ ওয়েল্লাগের প্রয়াত বাবাকে শ্রদ্ধা জানিয়ে মাঠের লড়াইয়ে নামে দুদল। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে চারিথ আশালাঙ্কা দল। জবাবে নেমে ১ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।
লঙ্কানদের বিপক্ষে ম্যাচসেরা সাইফ হাসান পরে বলেছেন, ‘টুর্নামেন্টে আসার আগে সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব। আরও একটা ধাপ এগিয়েছি। এখনো দুটা ম্যাচ বাকি। আমাদের ফোকাস পরের ম্যাচের দিকেই।’
বড় স্বপ্ন দেখতে বলে ম্যাচ ধরে আগাতে চান বাংলাদেশের ব্যাটিং অলরাউন্ডার, ‘অবশ্যই বড় স্বপ্ন দেখা উচিত। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আমাদের পরের ম্যাচ ভারতের বিপক্ষে এবং আমাদের পুরো মনোযোগ এখন সেই ম্যাচেই থাকবে। পরেরটা পরে দেখা যাবে।’
একই মাঠে বুধবার রাতে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। কোন বিরতি ছাড়া তার পরদিনই পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দল।








