চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় প্রথম ওভারে আউট হয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। তবে দলকে চাপে পড়তে দেননি সাইফ হাসান। একের পর এক চমৎকার শটে বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকা সচল রাখেন ২৬ বর্ষী অলরাউন্ডার। খেলেছেন দারুণ এক ইনিংস, পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। সেই স্বীকৃতি গ্রহণ করে ব্যাটিং পরিকল্পনা সম্পর্কে জানালেন সাইফ।
সাইফ বলেছেন, ‘ভিন্ন কিছু নয়। শুধু নিজের প্রক্রিয়া ঠিক রেখেছিলাম। প্রস্তুতি খুব ভালো ছিল। গতকাল ভালো একটা সেশন কাটিয়েছি আমরা। তাদের বোলারদের জন্য ভালো পরিকল্পনা করেছিলাম। যা কাজে লেগেছে।’
‘ডানহাতি ব্যাটার হিসেবে আমাদের পরিকল্পনা ছিল শেপ ধরে রেখে সোজা ও মিড অফে খেলার। যা বেশ ভালোভাবে কাজে লেগেছে। উইকেট খুব ভালো ছিল। তাই শেপ ধরে রেখে বল টাইমিংয়ের চেষ্টা করছিলাম। লিটন দাদাও আমাকে সাহায্য করছিলেন। তার সঙ্গে ব্যাটিং করা সহজ ছিল।’
‘লিটন ভাই খুব সাহায্য করছিলেন। তিনি আমার খেলা সহজ করে দিয়েছেন। খেলার ধরন বুঝতে পেরে বলছিলেন যে পরের বল কী হতে পারে। দলের জন্য অবদান রাখতে পেরে আমি খুশি।’
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। দুনিথ ওয়েল্লাগের প্রয়াত বাবাকে শ্রদ্ধা জানিয়ে মাঠের লড়াইয়ে নামে দুদল। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে চারিথ আশালাঙ্কা দল। জবাবে নেমে ১ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।
একই মাঠে বুধবার রাতে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। কোন বিরতি ছাড়া তার পরদিনই পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দল।








