ভিন্ন ধাঁচের এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘তোমাকে ভালোবাসার পর’। মাহমুদ দিদারের পরিচালনায় নাটকটি আগেই চ্যানেল আইয়ে প্রচার হয়েছে। এবার আসছে চ্যানেল আই-এর ইউটিউবে!
চ্যানেল আই থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে নাটকটি এখন থেকে দর্শক দেখতে পারবেন।
মোবাইলহীন একটি ছেলে ও নেশাগ্রস্ত একটি মেয়ের ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে ‘তোমাকে ভালোবাসার পর’। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সফল খান ও রিয়া মনি। এমন একটি গল্পে অভিনয় করে দুজনই বেশ উচ্ছ্বসিত।
নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলুর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সফল খান। গত দেড় বছরে চারটি ধারাবাহিক ও দশটির মতো সিঙ্গেল নাটকে কাজ করেছেন তিনি।
“আসলে ছোটবেলা থেকে চেয়েছি অভিনেতা হতে। এখন অভিনয় করছি। শিখছি, হয়তো সবার সহযোগিতা পেলে সামনে এগিয়ে যাবো।” নিজের প্যাশন নিয়ে বলছিলেন সফল।
‘তোমাকে ভালোবাসার পর’ নাটক প্রসঙ্গে সফল খান বলেন, অন্ধকার দূর করতে হলে অন্ধকার নয়, আলোরই প্রয়োজন। তেমনি একজন নেশায় আসক্ত এক মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ভালোবাসার প্রয়োজন। তেমন একটি গল্পই দেখানো হয়েছে এই নাটকে।
সফল বলেন, চরিত্রে প্রবেশ করতে মোবাইল ফোনহীন একটা লাইফ কেমন তা বুঝতে তিন দিন ফোন ব্যবহার করিনি। আশা করছি আমার নতুন নাটকটি দর্শকদের ভালো লাগবে।
এ নাটক নিয়ে আশাবাদী নির্মাতা মাহমুদ দিদার। তিনি বলেন, ‘নতুনদের নিয়ে কাজ করার প্রবণতা একেবারে শুরু থেকেই ছিল আমার। আশা করছি দর্শক কাজটা ভালোভাবেই নেবেন। দুজন তরুণ অভিনেতা দুর্দান্ত কাজ করেছেন।’







