মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে সাবিনা খাতুনের দল। তবে জাতীয় দলের সিনিয়র-জুনিয়র ‘সিন্ডিকেট’ নিয়ে আলোচনা তুঙ্গে। তা নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। বলেছেন এসব মিডিয়ার তৈরি।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ‘সিন্ডিকেট’ নিয়ে তারকা ফরোয়ার্ড বলেছেন, ‘অদ্ভুত বিষয়। মিডিয়া থেকে তৈরি হয়েছে। তা হওয়া উচিত ছিল না। সিনিয়র-জুনিয়র সিন্ডিকেট কথাটা এসেছে। তাদেরকে (জুনিয়রদের) চাপে রাখা হয়। ছুটি থেকে আসার সময় সিনিয়ররা বাসা থেকে আসলে তাদের জন্য কিছু আনা হয়। ভালো রেস্টুরেন্টে গেলে তাদের মানে রুমমেটদের নিয়ে যাওয়া হয়। এই বিষয়গুলো যদি আপনাদের মনে হয় সিন্ডিকেট, তাহলে সিন্ডিকেট। আমার মনে হয় তাদের অনেক স্নেহ করা হয়। এখন আপনারা তাদের সঙ্গে কথা বলবেন। বাসায় গেলে। টুর্নামেন্ট শেষে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি আরও পরিষ্কার হবে।’
ভারতের ম্যাচের বড় জয়ে ছড়িয়ে বিতর্ক উবে গেছে বলে মন্তব্য করেছেন সাবিনা। বলেছেন, ‘তর্ক-বিতর্ক থাকবে। তা থাকলে চ্যালেঞ্জ নেয়া যায়। ভালো করা যায়। আমি তা সবসময় ভালোভাবে নেই। ইতিবাচকভাবে নেই। দুর্বলতা আছে বলেই বিতর্ক হয়। ওই জায়গা থেকে নিজেদের উন্নতি করার জন্য একটা চ্যালেঞ্জ থাকে। সেই জায়গা থেকে হয়তো মেয়েরা করছে।’
‘বিতর্কটা হয়তো আমি নিতে পারবো। তবে তা সবার জন্য প্রযোজ্য নয়। আমি হয়তো তা নিতে পারবো। আমার যারা জুনিয়র আছে, তারা হয়তো নিতে পারবে না। তাদের মনেরও বিষয় আছে। তারা দুঃখ পায়। বিতর্ক হলে তা ইতিবাচক হোক, যেন মেয়েরা ভালো করতে পারে।’
কোচ গোলাম রাব্বানী ছোটনের অধীনে সাফের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও শিরোপা ধরে রাখতে চায় বাঘিনীরা। চলতি কোচ পিটার জেমস বাটলারের অধীনে খেলছেন মেয়েরা। তবে সাবেক কোচের কাছ থেকে পরামর্শ নিয়ে মাঠে যাওয়ার চেষ্টা করেন সাবিনারা। বাংলাদেশ অধিনায়ক বিষয়টি স্বীকার করে নিয়েছেন।
বলেছেন, ‘সত্যিকার অর্থে খেলোয়াড়দের সবসময় বলে থাকি, আমি নিজে ব্যক্তিগতভাবে প্রতিটি ম্যাচের আগে ছোটন স্যারের সঙ্গে কথা বলার চেষ্টা করি। ১৪ বছরের সম্পর্ক। উনি আমাদের সবাইকে চেনেন। স্যার বলেছেন হারলে বা জিতলে সেমিফাইনালে যাবে। ড্র করলেও। ফাইনাল খেলার সুবর্ণ সুযোগ থাকবে। জানপ্রাণ দিয়ে খেলতে হবে। আমি আসলে ওই বার্তাটা আমি তার হয়ে নিজেই দিয়েছি। যেহেতু বির্তক হচ্ছে।’
কাঠমান্ডুতে চলতি আসরে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছে বাংলাদেশ। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে সাবিনাদের পয়েন্ট চার।








