চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি রিজভী নেওয়াজের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ.কে.এম রাবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেন।
এর আগে, প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে পিটিশন দায়ের করেছিলেন সাংবাদিক রিজভী নেওয়াজ। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকার ও সংশ্লিষ্ট পক্ষসমূহকে কারণ দর্শানোর নির্দেশ দেন যে, কেন একজনের স্থায়ী প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড (আইডি নম্বর: ১২৯৯) বাতিল করা বেআইনি ও আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না।
বাদির আইনজীবী ওই আদেশের কার্যকারিতা স্থগিত করার আবেদন করেন। তবে, আদালত এ বিষয়ে অন্তর্বর্তী আদেশ না দিয়ে শুধুমাত্র রুল জারি করেন।
আদালতে বাদির পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এ.বি.এম হামিদুল মিসবাহ, ব্যারিস্টার নাজিয়া কবির এবং ব্যারিস্টার মুআতাদি হোসাইন।
উল্লেখ্য, তথ্য মন্ত্রণালয়ের তথ্য বিভাগ গত ৭ নভেম্বর এক আদেশের মাধ্যমে বাদির স্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে। এটি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে বাদি আদালতের শরণাপন্ন হন।








