দীর্ঘ ১৮ বছর ধরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই-এর দেশ বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে আয়োজন করা হয় চ্যানেল আই ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। এবারও তার ব্যতিক্রম হলো না।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে চ্যানেল আই-এর চেতনা চত্বরে অনুষ্ঠিত হচ্ছে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। এদিন ‘ধনধান্য পুষ্প ভরা’ গানের মধ্য দিনে অনুষ্ঠানের সূচনা করেছেন অণিমা রায় এবং সুর বিহার-এর শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের পাশাপাশি তরুণ এবং শিশু চিত্রশিল্পীরা ক্যানভাসে রং তুলি দিয়ে তাদের মনের মাধুরী মিশিয়ে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্র ফুটিয়ে তুলছে।

অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী, হাশেম খান, আবদুস সাত্তার, ফরিদা জামান, রেবেকা সুলতানা, অশোক কর্মকার, আলপ্তগীন তুষার, কিরিটি চন্দ্র বিশ্বাস সহ দেশের অর্ধ শতাধিক চিত্রশিল্পী।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, লেখক ও চলচ্চিত্র প্রযোজক ফরিদুর রেজা সাগর, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আই’র পরিচালক মুকিত মজুমদার বাবু, চ্যানেল আই ভাইস চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ মামুনসহ উপস্থিত ছিলেন গন্যমান্য সব ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর তার বক্তব্যে জানান যে, “এই অনুষ্ঠানে সবচেয়ে বড় সাফল্য হলো আমরা দীর্ঘ ১৮ বছর ধরে চ্যানেল আইতে এই অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত করে যাচ্ছি। সারা পৃথিবীর অসংখ্য দর্শকের প্রতি বছর স্বাধীনতার মাসে এই অনুষ্ঠানটি দেখার জন্য অপেক্ষা করে থাকেন, যেটিই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি”।








