শেষ মুহূর্তে যখন জানা গেল ব্যালন ডি’অর ভিনিসিয়াসের হাতে উঠছে না, নিরব প্রতিবাদ হিসেবে ফ্রান্সে অনুষ্ঠানেই যায়নি রিয়াল মাদ্রিদ দল। শুরু হয় আলোচনা-সমালোচনা। ব্যালন ডি’অর দেয়ার মাস চারেক পর আবারও উঠে আসল সেই বিতর্ক। ক্রিস্টিয়ানো রোনালদোর মতে অবশ্য পুরস্কারটির যোগ্য ছিলেন রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়াসই।
ভিনিসিয়াস ব্যালন ডি’অর জিততে না পারলেও মাসখানেক পর ফিফা বর্ষসেরার পুরস্কার জিতে নেন। দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে ব্রাজিলীয় তারকা জিতেছেন বছরের সেরা ফুটবলারের পুরস্কারও।
শুক্রবার রাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো। ভিনি প্রসঙ্গে ৩৯ বর্ষী রোনালদো বলেছেন, ‘আমার মতে, সে (ভিনিসিয়াস) গোল্ডেন বল (ব্যালন ডি’অর পুরস্কার) জেতার যোগ্য ছিল। এটা তার সঙ্গে অন্যায্য হয়েছে। এখানে সবার সামনেই বলছি। তারা এটা রদ্রিকে দিয়েছে, সেও প্রাপ্য ছিল, কিন্তু তাদের উচিত ছিল ভিনিসিয়াসকে দেয়া, কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং ফাইনালে গোল করেছে।’
‘আপনারা সবাই দেখছেন এই পুরস্কারটি (গ্লোব সকার অ্যাওয়ার্ড) সবসময় একইভাবে দেয়া হয়। এখানে পক্ষপাত করা হয় না। আর তাই এই গ্লোব সকার অ্যাওয়ার্ডকে বেশি ভালোবাসি।’








