ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে টানতে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের একটি ক্লাব। যা ফিরিয়ে দিয়েছেন সিআর সেভেন।
নাম প্রকাশ না হওয়া ক্লাবটির প্রস্তাব গ্রহণ করলে ম্যানচেস্টার ইউনাইটেড ট্রান্সফার ফি বাবদ পেয়ে যেত ৩০ মিলিয়ন পাউন্ড। সিআর সেভেনের বছর প্রতি বেতন হতো ১০৫ মিলিয়ন পাউন্ড। দুবছরে তিনি ২১০ মিলিয়ন পাউন্ড উপার্জন করতেন। এজেন্ট ফি বাবদ ক্লাবটি অতিরিক্ত ২০ মিলিয়ন পাউন্ড খরচ করতেও প্রস্তুত ছিল।
৩৭ বর্ষী রোনালদোর সঙ্গে ইউনাইটেডের আগামী বছরের জুন পর্যন্ত চুক্তি রয়েছে। আরও একবছরের জন্য চুক্তি বাড়ানোর রাস্তাও রয়েছে।
ইউনাইটেডের মহাতারকা ফরোয়ার্ড আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান। সেক্ষেত্রে তাকে এমন একটি ক্লাবে যেতে হবে যারা এবার আসরটিতে খেলবে। রেড ডেভিলদের ডেরায় থাকলে যা সম্ভব নয়। ইপিএলে গত মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে শেষ করায় ইউনাইটেডের এবার ইউরোপা লিগে খেলতে হবে।
ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ অবশ্য সাফ বলেছেন, রোনালদো বিক্রির জন্য নয়। বায়ার্ন মিউনিখের পর পিএসজি-চেলসিও পর্তুগিজ তারকাকে দলে না নেয়ার কথা জানিয়ে দিয়েছে।







