এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের খেলায় আল ফায়হাকে ১-০ গোলে হারিয়েছে আল নাসের। প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে গড়ানো ম্যাচে ২০২৪ সালে প্রথম জালের দেখা পান ক্রিস্টিয়ানো রোনালদো।
পর্তুগিজ মহাতারকা গত বছর ৫৩ বার লক্ষ্যভেদ করে সর্বাধিক গোলদাতার তালিকার শীর্ষে ছিলেন। সাবেক রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডের চলতি বছর গোলের দেখা পেতে হচ্ছিল বিলম্ব। বুধবার রাতে সেই হতাশার অবসান ঘটে।
প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে সিআর সেভেনের শট প্রতিহত করেন প্রতিপক্ষের গোলরক্ষক ভ্লাদিমির স্টোজকোভিচ। বিরতির পর ৬৪ মিনিটে ৩৯ বর্ষী ফুটবলারের হেডও স্টোজকোভিচ ঠেকিয়ে দেন।
ম্যাচের ৮১ মিনিটের মাথায় রোনালদোর প্রতীক্ষা শেষ হয়। মার্সেলো ব্রোজোভিচের পাসে বল পেয়ে তিনি ডানপায়ের ভলিতে নিশানাভেদে সক্ষম হন।
কিং সৌদ ইউনিভার্সিটি আল আউয়াল পার্কে আগামী বুধবার ফিরতি লেগে খেলতে নামবে আল নাসের ও আল ফায়হা।








