রিয়াদে প্রতিপক্ষ আল হিলালের বিপক্ষে শুক্রবার রাতে নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের। এ ম্যাচে দুই গোল করেছেন পর্তুগীজ মহাতারকা এবং তার দুই গোলে জয় তুলেছে আল নাসের। দ্বিতীয়ার্ধে একটি গোলের পর খেলার শেষ দিকে পেনাল্টি থেকে আরও একটি গোল করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
সৌদি প্রো লিগে রোনালদোর এটি ৭০ তম গোল। সবমিলিয়ে হাজার গোলের আরও কাছে এগিয়ে যাচ্ছেন এ মহাতারকা। জয়ের পর ৪০ বর্ষী মহাতারকা বলেছেন, ‘দলীয় প্রচেষ্টা জয়ের জন্য গুরুত্বপূর্ণ। আমি গোল পেয়েছি সেটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি দলের জয়ও গুরুত্বপূর্ণ। আমি সৌদি প্রো লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে দলকে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করি। ব্যক্তিগত রেকর্ডের উপর মনোযোগ দিই না।’
প্রথমার্ধেই গোল করে এগিয়ে গিয়েছিল আল নাসের। আলী আল হাসানের গোলে এগিয়ে বিরতিতে যায় দলটি। পরে বিরতি থেকে ফিরে ব্যবধান ২-০ করেন রোনালদো। সাদিও মানের থেকে বল পেয়েছিলেন তখন।
বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল ম্যাচে ফেরার বেশ চেষ্টা করছিল। তাদের এ প্রচেষ্টায় ৬২ মিনিটে ব্যবধান কমান আলী আল বুলায়হি। তবে খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে আল হিলালের কফিনে শেষ পেরেকটি ঠোকেন রোনালদো, পেনাল্টি থেকে গোল করেন। ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
এ জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে আল নাসের। দুইয়ে থাকা আল হিলাল থেকে তিন পয়েন্ট দূরে দলটি এবং সবার উপরে আছে আল ইত্তিহাদ। আল নাসের থেকে তাদের পয়েন্ট দূরত্ব সাত।








