ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্টে হোয়াইটওয়াশের পর ভারতীয় ক্রিকেটে তোলপাড় চলছে। টানা ১৮ সিরিজ জয়ের পর কিউইদের কাছে টেস্ট সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে। সেই সিরিজের কাটাছেড়া করতে অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীরকে নিয়ে বৈঠকে বসেছে ভারতীয় বোর্ড। দীর্ঘ ছয় ঘণ্টার বৈঠকে প্রশ্নের মুখে পড়েছে কোচ-অধিনায়কের রণকৌশল।
ভারতীয় গণমাধ্যমে খবর, রোহিত ও গম্ভীরকে নিয়ে টানা ছয় ঘণ্টার সেই বৈঠকে ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ। এসময় হারের কারণ ও ক্রিকেটারদের খেলার ধরন, গম্ভীরের কোচিং ও উইকেট নিয়ে নানা ধরনের প্রশ্ন করা হয়েছে। সঙ্গে জানতে চাওয়া হয়েছে আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য দলের প্রস্তুতি সম্পর্কে।
রাহুল দ্রাবিড়ের সময়ে ভারত ঘরের মাটিতে পেসবান্ধব উইকেটে খেলায় মনোযোগ দিয়েছিল। কিন্তু গম্ভীর যুগে আবারও কেনো বেশি টার্নিং উইকেট বানানো হয়েছে- বৈঠকে এমন প্রশ্ন উঠেছে। টিম ম্যানেজমেন্টের কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন বোর্ডের শীর্ষ দুই কর্তাব্যক্তি। গম্ভীরের কোচিং ধরন, জাসপ্রীত বুমরাহকে তৃতীয় টেস্টে কেনো বিশ্রাম দেয়া হয়েছিল- সব প্রশ্নই উঠেছে।
টি-টুয়েন্টিতে ভালো হলেও টেস্টে অনভিজ্ঞ নিতিশ রেড্ডি ও হার্শিত রানাকে কেন নেয়া হল? মোট কথা, ছয় ঘণ্টা ধরে একের পর এক প্রশ্নের সম্মুখীন হয়েছেন ভারতীয় দলের প্রতিনিধিরা।
নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘এমন একটা বিপর্যয়ের পর এরকম মিটিং হওয়ারই ছিল, যেটা টানা ৬ ঘণ্টা দীর্ঘ হয়েছে। ভারত দল সামনে অস্ট্রেলিয়ায় যাচ্ছে। বিসিসিআই চায় দল ঘুরে দাঁড়াক, এবং এ বিষয়ে থিংক-ট্যাংক কী ভাবছে সেটাও জানতে চেয়েছে।’
ভারতের পরবর্তী অভিযান অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ। ২২ নভেম্বর শুরু সিরিজটি খেলতে রোববার ও সোমবার দুই দলে ভাগ হয়ে ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় যাবেন।







