পাকিস্তানের বিপক্ষে ব্যাটে নেমে কেবল ১১৯ রানে অলআউট হয়ে যায় ভারত। ছোট রানের লক্ষ্যের পেছনে ছুটেও জাসপ্রীত বুমরাহ-হার্দিক পান্ডিয়াদের বোলিং তাণ্ডবে জয়ের পথ খুঁজে পায়নি বাবর আজমের দল। ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছে বুমরাহ। ভারতের তারকা পেসার জানালেন, বৃষ্টির পর রোদ থেকে উইকেটের সহায়তা আর মাঠের সমর্থকদের প্রেরণা থেকেই এমন ভালো বোলিংয়ের শক্তি পেয়েছেন তিনি।
৩০ বর্ষী ডানহাতি পেসার বলেছেন, ‘আমাদের দলীয় রান কিছুটা কম ছিল। বৃষ্টির পর যখন সূর্য ওঠে, উইকেটও কিছুটা ভালো হয়ে আসে। আমরা চেষ্টা করেছিলাম খেলার ধরন ঠিক রাখতে এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে। বৃষ্টির পর উইকেট আরও বোলিংবান্ধব হয়ে ওঠে এবং সুইং কম হচ্ছিল। তাই চেষ্টা করেছি যতটা পারি গতি ধরে বোলিং করতে। নিজের পরিকল্পনায় পরিষ্কার ছিলাম এবং সেটি বাস্তবায়নের চেষ্টা করেছি।’
যুক্তরাষ্ট্রের মাঠে ছিল গ্যালারি ভর্তি ভারতীয় দর্শক। সেখান থেকে ভালো বোলিংয়ের প্রেরণা পেয়েছেন বুমরাহ, ‘আমার মনে হয়েছে আমরা ভারতে। মাঠের উল্লাস সত্যিই প্রশংসনীয়। এখানে যে সমর্থন পেয়েছি তাতে আমরা সত্যিই অনেক খুশি। যা আমাদের শক্তি দিয়েছে। আমরা দুটি ম্যাচ খেলেছি, দুটিতে খুব ভালো ক্রিকেট খেলেছি। কৌশল মেনে খেলেছি এবং এভাবেই চালিয়ে যেতে হবে।’
নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে টসে জিতে ভারতকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রতিপক্ষ বোলারদের দাপুটে প্রদর্শনীতে ১ ওভার বাকি থাকতে ১১৯ রানে থামে ভারত। রানতাড়ায় পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটে ১১৩ রানে থামে পাকিস্তান। শুরুটা ভালো করলেও ভারতের বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মহারণ জিত নিয়েছেন।








