আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে গুম ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ থাকার পরও কীভাবে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে জামিন পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল আমার খুব কাছের। তিনি (আসিফ) আইন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায়, সাবের হোসেন চৌধুরীর মতো একজন খুনি কীভাবে জামিন পেতে পারেন?’
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে এক সমাবেশে রিজভী বলেন, সাবেরের নির্বাচনি এলাকার মানুষ চরম নির্যাতনের শিকার হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে।
রিজভী বলেন, ছাত্রদলের খিলগাঁও শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে ১৬ বার গুলি করে হত্যা করা হয়েছিল।
তিনি বলেন, ‘সাবের হোসেন চৌধুরী কি এর জন্য দায়ী নন? তার নির্দেশে ওই এলাকার ১১ জনকে গুম ও হত্যা করা হয়েছে। তিনি এই দায় এড়াতে পারেন না।’
সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গুম ও হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলো এ সমাবেশের আয়োজন করে।
এর আগে রবিবার (৬ অক্টোবর) রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
খিলগাঁও থানার চারটি ও পল্টন থানার দুটি মামলাসহ ছয়টি মামলায় ঢাকার আদালত তাকে জামিন দিলে পরদিন তিনি কারাগার থেকে মুক্তি পান।








