নেপালকে টানা দ্বিতীয়বার ফাইনালে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। শিরোপা নিয়ে দেশের পথে রওনা হয়েছেন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশের মেয়েরা। দেশের পথে রওনা হওয়ার আগে টিম হোটেলে কেক কাটেন সাবিনা-মারিয়ারা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাঠানো ভিডিওতে দেখা যায়, একপাশে শিরোপা রেখে আরেকদিকে রাখা কেক কাটছেন অধিনায়ক সাবিনা খাতুন। আরেকটি ভিডিওতে দেখা যায়, দলের সবাই বাসে উঠে বিমানবন্দরের দিকে রওনা দিচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকা খেলোয়াড়দের পোস্টেও দেখা যাচ্ছে সবাই দেশের পথে রওনা হয়েছেন। ছবি পোস্ট করে অনেকে লিখেছেন দেখা হচ্ছে তাড়াতাড়ি, অনেকে লিখেছেন আমরা আসছি।
অধিনায়ক সাবিনা খাতুন দলের বেশ কয়েকজন সদস্যকে নিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আসছি।’
ফরোয়ার্ড সানজিদা আক্তার লিখেছেন, ‘আমরা আসছি।’
ফাইনাল ও আসরসেরা খেলোয়াড় ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা শিরোপার ছবি দিয়ে লিখেছেন, ‘এটা ঘরে আসছে।’
আরেক ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র লিখেছেন, ‘আমরা বাংলাদেশে আসছি।’
আসরসেরা গোলরক্ষক রুপনা চাকমা লিখেছেন, ‘বিদায় নেপাল। বাংলাদেশের পথে।’
শিরোপাসহ ছবি পোস্ট করে ডিফেন্ডার মাছুরা পারভীন লিখেছেন, ‘বাংলাদেশ ডাকছে।’








