প্যারিস অলিম্পিকে কুস্তিতে মেয়েদের ৫০ কেজি ওজন শ্রেণির ফাইনালে উঠেছিলেন ভারতীয় অ্যাথলেট ভিনেশ ফোগট। প্রায় ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যাওয়ায় প্রতিযোগিতার ফাইনাল থেকে বাদ পড়েছেন তিনি। তার জায়গায় ফাইনাল খেলবেন কিউবান ফ্রিস্টাইল রেস্টলার ইউসনেলিস গুজম্যান লোপেজ।
ইউনাইটেড ওয়ার্ল্ড রেস্টলিংয়ের বরাতে প্যারিস অলিম্পিকের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। আগে সূত্রটি জানিয়েছিল ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী সারাহ হিলডেব্র্যান্ডকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
ওয়েবসাইটে জানানো হয়েছে, মেয়েদের ৫০ কেজি রেস্টলিং ইভেন্টের প্রতিযোগী ভারতের ভিনেশ ফোগট প্রতিযোগীতা থেকে বাদ পড়তে বাধ্য হয়েছেন। তার জায়গায় কিউবার প্রতিযোগী ইউসনেলিস গুজম্যান লোপেজকে ফাইনালে খেলার সুযোগ দেয়া হয়েছে।
এর আগে ভিনেশের বিষয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছিল, ‘এটা খুবই অনুতাপের বিষয় যে, ভারতীয় দল ঘোষণা করেছে মেয়েদের ৫০ কেজি রেস্টলিং ক্যাটাগরির প্রতিযোগী ভিনেশ ফোগটকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।’
অলিম্পিক কর্তৃপক্ষ আরও জানিয়েছিল, প্যারিস অলিম্পিকের এ ইভেন্টে মাত্র দুটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। প্রথমটি স্বর্ণ এবং পরেরটি ব্রোঞ্জ। ভিনেশকে কোনো পদক ছাড়াই প্রতিযোগিতা শেষ করতে হচ্ছে।








