‘রেহানা মরিয়ম নূর’-এর টিভি প্রিমিয়ার বৃহস্পতিবার
চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে বহুল আলোচিত ‘রেহানা মরিয়ম নূর’-এর টিভি প্রিমিয়ার

‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’- এই স্লোগানে আগামি ১ অক্টোবর ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করছে চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দাজুড়ে এবং চ্যানেল আই প্রাঙ্গণে থাকছে নানা বর্ণাঢ্য আয়োজন।
তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে চ্যানেল আইয়ে থাকছে বহুল আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, ১ অক্টোবর দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দর্শক দেখতে পারবেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’।
বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। এর পর প্রদর্শীত হয়েছে মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বুসান ও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালসহ বহু আন্তর্জাতিক উৎসবে।
বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবির গল্প। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।






