উপমহাদেশের প্রথম বিজ্ঞান ক্লাব হিসেবে পরিচিত ‘নটরডেম বিজ্ঞান ক্লাব’ আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ বিজ্ঞানভিত্তিক আয়োজন ‘নটর ডেম বার্ষিক বিজ্ঞান উৎসব ২০২৫ এবং ৩৫তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। এ উপলক্ষে গত ১৩ মার্চ থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রম, যা চলবে ৮ এপ্রিল পর্যন্ত।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ১৬, ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে তিনদিনব্যাপী এই বিজ্ঞান উৎসব।
আয়োজকরা জানিয়েছেন, দেশের ৩০০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমীদের অংশগ্রহণে এবারের উৎসবটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠবে। উৎসবে অংশগ্রহণকারীদের জন্য থাকছে নানা ধরনের বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা, প্রদর্শনী ও শিক্ষামূলক কার্যক্রম।
এবারের আয়োজনে মোট ২৪টি ভিন্নধর্মী ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—প্রজেক্ট এক্সিবিশন, ওয়াল ম্যাগাজিন, স্ক্র্যাপবুক, ফাদার টিম মেমোরিয়াল সায়েন্স অলিম্পিয়াড, থিওরেম ভল্ট, রোবো সকার, লাইন ফলোয়িং রোবট, ডিজিটাল পোস্টার সাবমিশন ও পাবলিক কুইজ।
এছাড়া নটরডেম বিজ্ঞান ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে ‘কোনানড্রাম প্যারাডক্স’ নামের একটি নতুন ইভেন্ট।
আয়োজকরা আরও জানান, প্রতিটি ইভেন্টই অংশগ্রহণকারীদের জন্য নতুন কিছু শেখার সুযোগ, প্রতিযোগিতার অভিজ্ঞতা এবং নিজেদের দক্ষতা তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করবে। উৎসব সম্পর্কে বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে ভিজিট করা যাবে: asf25.ndscbd.net। এছাড়া নিয়মিত আপডেট পেতে ফেসবুক ইভেন্ট পেজেও যুক্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এবারের আয়োজনের টিভি মিডিয়া অ্যাসোসিয়েট হিসেবে রয়েছে চ্যানেল আই।







