পল্লী বিদ্যুত সমিতির কর্মীরা কাজে যোগ না দিলে বিকল্প জনবল নিয়োগের হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিসহ কারও কোনো নাশকতা সহ্য করা হবে না।
রোববার (২০ অক্টোবর) রাজধানীতে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ বার্তা দেন।
তিনি বলেন, দেশের জ্বালানি সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে সরকার। এক্ষেত্রে অনুসরণ করা হবে না বিগত সরকারের কোনো পথ। স্বচ্ছতা ও জনগণকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই এসব বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
উপদেষ্টা জানান, পল্লী বিদ্যুৎ সমিতিসহ কারও কোনরকম নাশকতা সরকার সহ্য করবে না। দাবি দাওয়ার নামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা বেআইনি। এই সরকার দুর্বল সরকার নয় বরং জনগণের বিপুল সমর্থন নিয়েই এসেছে। তাই যারাই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে তাদেরকেও সতর্ক হওয়ারর বার্তা দেন তিনি।
এসময় জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা জানান, সরকার নয়, বিদ্যুৎ জ্বালানির দাম নির্ধারণ করবে বিইআরসি, গণশুনানির মাধ্যমে। একইসাথে ভোক্তার ওপর চাপ কমাতে দাম কমিয়ে আনার ইঙ্গিতও দেন তিনি।
চাকরি স্থায়ীকরণ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতিগুলোক একীভূত করাসহ কয়েক মাস ধরে বেশকিছু দাবি জানিয়ে আসছিলেন কর্মকর্তা-কর্মচারীদের একটি বড় অংশ। এর মধ্যেই আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পায় আরইবি। যার প্রভাবে গত বৃহস্পতিবার ২৪ জনকে চাকরিচ্যুত এবং কয়েকজনকে আটক করা হয়।








