চ্যাম্পিয়ন্স লিগে চলতি আসরে শেষ ষোলোর আগেই বিদায় নিতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগার দুই জায়ান্টের একটি। প্লে-অফের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ও প্রতিযোগিতাটির রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে এক মৌসুম আগে চ্যাম্পিয়ন হওয়া ম্যানচেস্টার সিটি। মহারণের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যান কী বলছে।
প্লে-অফের প্রথম লেগে মঙ্গলবার রাতে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মাঠের লড়াই।
সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে রিয়াল-ম্যানসিটি। জয়ের হিসেবে দুদলই লড়াই করেছে সমানতালে। পাঁচটি করে ম্যাচ জিতেছে দুদলই। বাকি চার ম্যাচ হয়েছে ড্র।
পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে দুদলই বেশ শক্তিশালী। সান্তিয়াগো বার্নাব্যুতে ৭ বারের দেখায় ৪টিতে জয় পেয়েছে রিয়াল। বাকি তিনটিতে একবার হার ও দুই ড্রয়ের স্বাদ পায় লস ব্লাঙ্কোস দল। অন্যদিকে, ইতিহাদ স্টেডিয়ামে কোনো হার নেই ম্যানসিটির। ৭ বারের মুখোমুখিতে সিটিজেনদের আছে চার জয় ও দুই ড্র। সিটির মাঠে অধরা জয়ের দেখা পেলে চলতি আসরের শেষ ষোলোয় খেলার জন্য একধাপ এগিয়ে যাবেন ভিনিসিয়াস জুনিয়র-কাইলিয়ান এমবাপেরা।
ম্যানসিটি-রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের ২০২২-২৩ মৌসুমে সেমিতে মুখোমুখি হয়েছিল। প্রথম লেগে রিয়ালের মাঠে ১-১ গোলে ড্রয়ের পর ফিরতি লেগে সিটির মাঠে ৪-০তে হেরে বসেন ভিনিসিয়াসরা। প্রতিযোগিতায় রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে বিদায় করে ফাইনালে বাজিমাত করে গার্দিওলা বাহিনী। সিটি নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উঁচিয়ে ধরে।
২০২৩-২৪ মৌসুমে কোয়ার্টার ফাইনালে সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন হয় রিয়াল। এবার সিটির সামনে দারুণ সুযোগ রিয়ালকে বিদায় করে আগের মৌসুমের শোধ তোলার। ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে অবশ্য খুব বেশি ছন্দে নেই গার্দিওলার দল। শেষ পাঁচ ম্যাচের দুটিতে পয়েন্ট হারিয়েছে। ২৪ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগে পাঁচে আছে ম্যানসিটি।
অন্যদিকে, স্প্যানিশ লিগ লা লিগায় দারুণ ছন্দে আছে রিয়াল। শেষ পাঁচ ম্যাচে তারাও দুটিতে পয়েন্ট হারিয়েছে, ২৩ ম্যাচে ৫০ পয়েন্টে টেবিলের শীর্ষে যদিও ভিনিসিয়াস-এমবাপেরা। লস ব্লাঙ্কোসদের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে শিরোপার দৌড়ে আছে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ২ পয়েন্ট পিছিয়ে থেকে তিনে আছে। চ্যাম্পিয়ন্স লিগে জমজমাট লড়াইয়ের মাঝে লা লিগায়ও চলছে ত্রিমুখী লড়াই।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার দুদলের দেখা ২০১২-১৩ মৌসুমের গ্রুপপর্বে। দুই মৌসুম পর ২০১৫-১৬তে প্রথমবার নকআউটের মঞ্চ অর্থাৎ, সেমিতে দেখা হয় তাদের। যেখানে প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়টিতে ১-০তে হেরে বিদায় নেয় সিটি। ২০১৯-২০ মৌসুম রাউন্ড অব সিক্সটিনে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে হেরে বিদায় নেয় রিয়াল। ২০২১-২২ মৌসুমের সেমিতে আবার সিটিকে হারিয়ে বিদায় করে রিয়াল।







