লা লিগায় ১৮তম রাউন্ডে ১০ জনের সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জয়ে বছর শেষ করল স্প্যানিশ জায়ান্টরা। গোল করেছেন কাইলিয়ান এমবাপে, লস ব্লাঙ্কোসদের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে নাম লিখিয়েছেন তিনি।
শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিকদের হয়ে এমবাপের পাশাপাশি গোল করেন জুড বেলিংহ্যাম। সেভিয়ার হয়ে লাল কার্ড দেখেন মার্কাও।
ম্যাচের প্রথম মিনিটে ফ্রি-কিক পায় রিয়াল মাদ্রিদ, ডিন হুইজসেন শট গোলে রূপান্তর করতে পারেননি। পুরো ম্যাচে মাদ্রিদের বিপক্ষে সমানতালে লড়াই করেছে সফরকারীরা। ৩৮ মিনিটে আরেকটি ফ্রি-কিক থেকে শট নেন রদ্রিগো, ডি বক্সে বেলিংহ্যামের কাছে বল পৌঁছায়, তিনি হেডে গোল করে রিয়ালকে লিড এনে দেন। এগিয়ে থেকে বিরতিতে যায় জাভি আলোনসোর শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন মার্কাও। ১০ জনের পরিণত হয় সেভিয়া। ৮৫ মিনিটে রদ্রিগোকে ডি বক্সে ফাউল করেন জুয়ানলু সানচেজ, পেনাল্টি পায় মাদ্রিদ। ৮৬ মিনিতে সেখানে থেকে ব্যবধান দিগুণ করেন এমবাপে।
এ গোলেই রোনালদোর রেকর্ডে ভাগ বসান ২৬ বর্ষী ফরাসি তারকা। ২০১৩ সালে মাদ্রিদের হয়ে ৫৯ গোল করেছিলেন রোনালদো। এমবাপের ২০২৫ সালে গোলসংখ্যা দাঁড়াল ৫৯টিই। কোন বছরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে এখন একইসাথে রিয়ালের সাবেক ও বর্তমান দুই তারকা। রোনালদোর মাইলফলক ছুঁতে লেগেছিল ৫০ ম্যাচ, বিপরীতে এমবাপে এবছর খেলেছেন ৫৮ ম্যাচ।
১৮ ম্যাচ খেলে ১৩ জয়, ৩ ড্র ও ২ হারে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে লস ব্লাঙ্কোসরা। এক ম্যাচ কম খেলে ১৭ ম্যাচে ১৪ জয়, ১ ড্র ও ২ হারে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে বার্সেলোনা।








