লিগ শিরোপা পুনরুদ্ধার অভিযান জয় দিয়ে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-০তে জিতে মৌসুম শুরু করেছে লস ব্লাঙ্কোস বাহিনী। রিয়াল জার্সিতে অভিষেক দারুণ পারফরম্যান্সে স্মরণীয় করে রাখলেন বরুশিয়া ডর্টমুন্ড থেকে আসা জুড বেলিংহাম। স্বপ্নের অভিষেকে ম্যাচসেরাও হয়েছেন ইংলিশ ফরোয়ার্ড।
সান মেমস বারিয়াতে শনিবার রাতে বিলবাওয়ের বিপক্ষে ২৮ মিনিটে লিড নেয় রিয়াল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর প্রথম গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় গোলটি করেন ২০ বর্ষী বেলিংহাম। ২-০ গোলের জয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
অন্যদিকে, একইরাতে শুরু হওয়া লিগ ওয়ানে লরিয়েন্টের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে নেইমার-এমবাপেকে ছাড়া নামা দলটি।
পিএসজির কোচ ও খেলোয়াড় মিলে একসঙ্গে ৭ জনের অভিষেক হয়েছে। কাঙ্ক্ষিত জয় পাওয়া হয়নি যদিও। ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও শেষপর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় দিয়ে শুরু করেছে আর্সেনাল। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-০ গোলের জয়ে মৌসুম শেষ করেছে মিকেল আর্তেতার দল। এডি এনকেতিয়া ও বুকায়ো সাকার গোলে গানাররা পূর্ণ পয়েন্ট নিয়েছে।








