প্রথম টেস্টের স্মৃতি ফিরে এসেছে দ্বিতীয়টিতেও, বৃষ্টির কারণে টস হতে দেরি হচ্ছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা থাকলেও হয়নি। পিচ ও আউটফিল্ডের বড় একটা অংশ ত্রিপল দিয়ে ঢাকা। অফিসিয়াল পরিদর্শন হওয়ার কথা ছিল, সেখানেও দেরি। বৃষ্টি আটকে দিয়েছে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের শুরুটা।
রাওয়ালপিন্ডিতে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টায় টেস্টের লড়াইয়ে নামার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তানের। দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেয়েছে টিম টাইগার্স। সিরিজে এগিয়ে আছে লাল-সবুজের দল।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টেস্ট শুরুর আগে থেকেই রাওয়ালপিন্ডি টেস্ট নিয়ে ছিল শঙ্কা। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, শুক্রবার রাওয়ালপিন্ডির তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। উচ্চ আর্দ্রতার কারণে এ তাপমাত্রাই অনুভূত হবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মতো। বিশেষ করে বৃষ্টি ও বজ্রঝড়ের শঙ্কার কথা জানিয়েছিল তারা।








