দলে প্রবাসী ফুটবলারদের উপস্থিতির জোরে ফুটবল নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ। স্বপ্ন একটু একটু করে বাস্তবায়নের পথে এবার এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীদের প্রতিপক্ষ সিঙ্গাপুর।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশের মুখোমুখি হবে সিঙ্গাপুর। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে মাঠের লড়াই।
শিলংয়ে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে পয়েন্ট ভাগাভাগি করে ফিরেছিল বাংলাদেশ। ঘরের মাঠে জামাল-হামজা-সামিতদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। সবশেষ ২০১৫ সালে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুর। সেবার শুরুতে এগিয়ে গেলেও শেষপর্যন্ত লিড ধরে রাখতে পারেনি লাল-সবুজের দল। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুর। ১৯৭৩ সালের প্রথম দেখায় অবশ্য লাল-সবুজদের সঙ্গে ড্র করে তারা।
ম্যাচে দেখা যাবে চনমনে এক বাংলাদেশকেই। পূর্ণ পয়েন্টের জন্য লড়াই চালিয়ে যাবে লাল-সবুজ দল, বলেছেন অধিনায়ক জামাল। সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘এবার আমরা খুব লম্বা সময় ক্যাম্প করতে পারিনি, এটা ছিল ছোট ক্যাম্প। সবমিলিয়ে ৯ দিনের মতো সময় পেয়েছি। কিন্তু আমাদের অনুশীলন খুবই ভালো হয়েছে এবং আমরা আশাবাদী।’
‘ম্যাচটির জন্য আসলে সবাই অপেক্ষা করছে। ভারত ম্যাচের পর থেকেই সবাই এ ম্যাচের কথা বলছিল। আমরাও এই ম্যাচ নিয়ে আশাবাদী। আশা করি একটি চনমনে দল পাবেন এবং তিন পয়েন্টের জন্যই আমরা লড়াই করবো।’
ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে হামজা, সামিত সোম,ফাহমিদুল ইসলামদের পেয়ে উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন ভক্ত-সমর্থকরা। ম্যাচের ১৮ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামও থাকবে কানায় কানায় পূর্ণ। অনেক আগেই বিক্রি হয়ে গেছে সকল টিকিট।
এদিকে দীর্ঘ ৫৫ মাস পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফেরে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ৪ জুন ওই মাচের দিনে বেশকিছু অঘটন ঘটেছিল। অধৈর্য দর্শকরা গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশ করে। ম্যাচ চলাকালীন সময়ে হামজা-জামালদের কাছে থেকে দেখতে মাঠেও ঢুকে পড়েছিল। ম্যাচ শেষে কোচের কাছে মধ্যমাঠে ছুটে গিয়েছিল এক দর্শক। এসব ঘটনায় সিঙ্গাপুর ম্যাচে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।








