অ্যান্টিগায় ব্যাটারদের ভরাডুবিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার দেখেছে বাংলাদেশ। তবে বল হাতে দারুণ করেছেন তাসকিন আহমেদ। ক্যারিয়ারসেরা বোলিং করেছেন দ্বিতীয় ইনিংসে। ফলও পেলেন, ক্যারিয়ারসেরা টেস্ট র্যাঙ্কিংয়ে এসেছেন টাইগার পেসার।
বুধবার র্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ উন্নতি করেছেন তাসকিন। রেটিং পয়েন্ট বেড়েছে ৭৫। বর্তমানে ৩৮৩ রেটিং পয়েন্ট নিয়ে এসেছেন ৫১তে। যা তার ক্যারিয়ারসেরা অবস্থান ও পয়েন্ট এটি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারে প্রথমবার পাঁচ বা তার বেশি উইকেটের দেখা পান তাসকিন। ১৪.১ ওভার বল করে ৬৪ রান খরচায় নেন ৬ উইকেট। প্রথম ইনিংসে ৭৬ রান খরচায় ২ উইকেট নেন।
বল হাতে বাংলাদেশের অন্যকেউ উন্নতি করতে পারেননি। অবনতি হয়েছে তাইজুল-মিরাজ-শরিফুলদের। বাংলাদেশি বোলারদের শীর্ষে থাকা তাইজুল ৫ ধাপ পিছিয়ে ২৩ নম্বরে এখন। মিরাজ একধাপ নেমে ২৬-এ। দুধাপ পিছিয়ে হাসান মাহমুদ ৫৭ নম্বরে। ৪ ধাপ পিছিয়ে শরিফুল নেমেছেন ৬৭ নম্বরে।
পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ করেছেন জাসপ্রীত বুমরাহ। ভারতের জয়ে বড় ভূমিকা রাখা পেসার প্রথম ইনিংসে ৫টি এবং দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন। দুর্দান্ত বোলিংয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন তিনি। ক্যারিয়ারসেরা ৮৮৩ রেটিং নিয়ে পেছনে ফেলেছেন কাগিসো রাবাদা ও জশ হ্যাজেলউডকে। ৮৭২ পয়েন্ট নিয়ে রাবাদা দুইয়ে, ৮৬০ পয়েন্ট হ্যাজেলউড তিনে।








