নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের উত্তেজনার শেষ নেই। সকলেই মুখিয়ে আছেন কবে মুক্তি পাবে এই ছবিটি। তার মাঝেই এবার জানা গেল মুক্তির আগেই নতুন রেকর্ড গড়ল ‘রামায়ণ’।
জানা গেছে, ভারতের সব থেকে ব্যয়বহুল তথা দামী ছবি হতে চলেছে এটি। কিন্তু জানেন কি মোট কত কোটি খরচ হচ্ছে এটি বানাতে?
বলিউড হাঙ্গামাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলা হয়েছে, ‘রামায়ণ’কে বিশ্বমানের ছবি বানাতে কোন ফাঁকি দিচ্ছেন না নির্মাতারা। তাইতো ৮৩৫ কোটি টাকা খরচ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এক্ষেত্রে ‘রামায়ণ’ই প্রথম ভারতীয় ছবি যেটি ১০০ মিলিয়ন ডলার খরচ করে বানানো হচ্ছে। তাও কিনা এই খরচ হচ্ছে কেবল রামায়ণের পার্ট ওয়ান বানানোর জন্য!
ভারতে এর আগে বেশ কিছু সিনেমা নির্মাণ হয়েছে যেগুলো ৫০০-৬০০ কোটি রুপি বাজেটের। এই তালিকায় রয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘বাহুবলী’, ‘আদিপুরুষ’ সহ ‘আরআরআর’ এর মত ছবি। এছাড়াও ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত রণবীর কাপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১’ ছবিটির বাজেটও ছিল ৪৫০ কোটি রুপি। তবে সেসব কিছুকে টপকে হিন্দি ছবির ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক তৈরি করে ৮৩৫ কোটি খরচ করে বানানো হচ্ছে ‘রামায়ণ’।
জানা গেছে, ‘রামায়ণ’-কে তিন পর্বে নির্মাণ করতে চলেছেন নির্মাতা নীতেশ তিওয়ারি। যেখানে রামের ভূমিকায় রণবীরের পাশাপাশি সীতার চরিত্রে দেখা মিলবে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর। এছাড়াও সানি দেওলের দেখা মিলবে হনুমানের ভূমিকায়। লারা দত্ত আসতে চলেছেন রানী কৈকেয়ী রূপে। রাকুল প্রীত সিং অভিনয় করবেন শূর্পণখার ভূমিকায়।- ইন্ডিয়ান এক্সপ্রেস








