বাংলাদেশ

রামরুর গবেষণা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা বদলে দিয়েছে বহু মানুষের পেশা

রামরুর গবেষণা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা বদলে দিয়েছে বহু মানুষের পেশা

রামরুর গবেষণা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা বদলে দিয়েছে বহু মানুষের কর্মজীব

অভিবাসন খাতে গবেষণা ও মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা বহু মানুষের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) সঙ্গে যুক্ত হয়ে অর্জিত অভিজ্ঞতা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে পাঠদান, গবেষণা ও বিভিন্ন পেশাগত কর্মকাণ্ডে কাজে লেগেছে বলে জানিয়েছেন সাবেক গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা হলে রামরুর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’-এর দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে স্মৃতিচারণ করতে গিয়ে তাঁরা এসব কথা বলেন।

বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গবেষণা ও মাঠপর্যায়ে কাজের সুযোগ সীমিত ছিল। রামরুর সঙ্গে যুক্ত হওয়ার পর নারী অভিবাসন, বাস্তুচ্যুতি ও পরিবেশবিষয়ক গবেষণায় সরাসরি অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়। মাঠপর্যায়ে মানুষের সঙ্গে যোগাযোগ, তাঁদের অভিজ্ঞতা শোনা, তথ্য সংগ্রহ ও উপাত্ত বিশ্লেষণের মতো কাজ হাতে-কলমে শেখা সম্ভব হয়েছে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে এক বক্তা বলেন, গবেষণার কাজে গিয়ে দীর্ঘদিন পরিত্যক্ত একটি বাড়ি পরিষ্কার করে থাকার উপযোগী করতে হয়েছিল। নিজেদের উদ্যোগে থাকা-খাওয়ার ব্যবস্থা, মাঠপর্যায়ের কাজের পরিকল্পনা, তথ্য সংগ্রহ এবং পরবর্তী দিনের কার্যক্রম নির্ধারণ করতে হয়েছে। এসব অভিজ্ঞতা বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলা ও দলগতভাবে কাজ করার দক্ষতা অর্জনে সহায়তা করেছে।

বক্তারা আরও বলেন, রামরুর সঙ্গে কাজ করার সুবাদে বিভিন্ন বিষয়ের গবেষক ও বিশেষজ্ঞদের সঙ্গে পেশাগত সম্পর্ক গড়ে উঠেছে। এই অভিজ্ঞতা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে পাঠদান, গবেষণা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার ক্ষেত্রে সহায়ক হয়েছে।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র লেকচারার ড. মো. মাহবুবুর রহমান, জিডব্লিউ-এআইটির বাংলাদেশ রেসিডেন্ট প্রোগ্রাম ম্যানেজার মাকফি ফারাহ, অ্যাডভোকেসি অ্যান্ড আরবান বিশেষজ্ঞ তানজিয়া আনজুম, শাহজাদা এম. আকরাম এবং তামিম বিল্লাহ। অধিবেশনটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান।

রামরুর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সম্মিলনে অভিবাসন, বাস্তুচ্যুতি ও মানবপাচারবিষয়ক গবেষণা, অভিজ্ঞতা বিনিময় এবং অভিবাসীদের অধিকার ও সুরক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

বিষয়:‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ রামরুর ৩০ বছর পূর্তি রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু)

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…