ককরোচ জনতা পার্টির বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য করেছে জেন জি-র একাংশ। তাই এই প্রজন্মকে ‘জেনারেশন গাটার’ বলে কটাক্ষ করেছিলেন মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। অভিনেত্রীর এমন অভিযোগের পরে পাল্টা আক্রমণ জানিয়েছেন সিজিপি-র মুখপাত্র সৌরভ দাস।
মান্ডির সাংসদকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘নিজের দলের লোকেরাই তাকে খুব একটা গুরুত্ব দেন না। তাহলে আমরাই বা কেন দেব? আমার মনে হয় না জেন জি, জেন আলফা বা তরুণ প্রজন্মের কেউ তাকে আদৌ গুরুত্বের সঙ্গে নেন, কিংবা তার কথা শোনেন।’
‘জেন জি’ পড়ুয়াদের আন্দোলন নিয়ে কঙ্গনা রানাওয়াতের এই বিতর্কিত মন্তব্য ঘিরে এবার সরব হলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কঙ্গনার রাজনৈতিক জীবন, নিরাপত্তা এবং ছাত্র আন্দোলন নিয়ে তার মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রাখি। শুধু তাই নয় ভিডিও পোস্টে কঙ্গনাকে সোজা ‘ডাইনি’ শব্দ প্রয়োগ করে তোপ দাগেন রাখি, যা দেখে নেটিজেনদের মাথায় হাত।
ভিডিওতে রাখি বলেন, ‘আপনি সাংসদ হয়ে মানুষের জন্য কী করেছেন? যদি অন্য কোথাও গিয়ে নির্বাচন লড়েন, মানুষ আপনাকে ভোট দেবে না। কীভাবে আপনি আজ এই জায়গায় পৌঁছেছেন, সেটাই বুঝতে পারি না।’
এতেই থেমে থাকেননি রাখি। তিনি কঙ্গনার ছাত্র আন্দোলন নিয়ে করা মন্তব্যেরও সমালোচনা করেন। তার কথায়, ‘আপনি দেশের মেয়েদের নিয়ে কী বলছেন? ছাত্রছাত্রীদের নিয়ে কী বলছেন? দেশের মানুষকে এভাবে অপমান করছেন কেন?’
এরপর কঙ্গনার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন রাখি। তিনি বলেন, ‘একা বেরিয়ে দেখান, যেমন আমরা বেরোই। সবসময় নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরলে হবে না। তখন বুঝবেন দেশের তরুণদের শক্তি কতটা।’







