বহু বছর ধরেই পাকিস্তানের পেশোয়ারে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে বলিউডের কিংবদন্তী অভিনেতা রাজ কাপুরের পৈতৃক বাড়ির একটি অংশ। অবশেষে সাম্প্রতিক ভারী বৃষ্টি ও ভূমিকম্পের ধাক্কায় বাড়িটির একটি অংশ ধসে পড়েছে বলে জানা গেছে।
খাইবার পাখতুনখোয়ার হেরিটেজ কাউন্সিলের কর্মকর্তারা জানিয়েছেন, পরপর ভূমিকম্পের কারণেই এই ক্ষতি হয়েছে। ২০১৬ সালে পাকিস্তান সরকার এই বাড়িটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছিল। পর্যটক ও ইতিহাসপ্রেমীদের কাছে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। তবে সাম্প্রতিক ভারী বৃষ্টি ও ভূমিকম্পের ধাক্কায় বাড়িটির একটি দেয়াল ভেঙ্গে পড়েছে।
পেশোয়ারের কিস্সা খওয়ানি বাজার এলাকায় অবস্থিত এই বাড়িটি নির্মাণ করেছিলেন রাজ কাপুরের দাদা দিওয়ান বশেশ্বরনাথ কাপুর, যিনি তখন ব্রিটিশ আমলে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। ১৯১৮ থেকে ১৯২২ সালের মধ্যে নির্মিত এই হাভেলিতেই জন্মগ্রহণ করেন রাজ কাপুর। এখান থেকেই তার বাবা পৃথ্বীরাজ কাপুর অভিনয় জীবনের সূচনা করেছিলেন। বাড়িটিতে প্রায় ৪০টি ঘর রয়েছে।
ভারত ভাগের পর কাপুর পরিবার এই বাড়ি ছেড়ে ভারতে চলে আসে এবং মুম্বাইতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। গত কয়েক বছরে এই ঐতিহাসিক ভবনটিকে সংস্কার করে মিউজিয়ামে পরিণত করার পরিকল্পনার কথা শোনা গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক ক্ষতির পর সেই পরিকল্পনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। ভবনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।







