তীব্র যানজট এর মধ্যে ঈদ যাত্রায় আরেক ভোগান্তি হিসাবে দেখা দিয়েছে মুষলধারায় বৃষ্টি। বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১২টা থেকে টাঙ্গাইল অংশে এ বৃষ্টি শুরু হয়।
এদিকে বৃষ্টি উপেক্ষা করেই খোলা ট্রাক, পিক আপ, পণ্যবাহী পরিবহন ও বাসের ছাদে চেপে পরিবারের সাথে ঈদের আনন্দ উদযাপন করতে ঢাকা-টাঙ্গাইল পাড়ি দিচ্ছে হাজারো মানুষ। বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এমন চিত্র দেখা যায়।
বগুড়াগামী মাসুদ রানা নামে এক যাত্রী বলেন,ঈদে বাড়ি যেতে হবে। এমনিতেই মহাসড়কে তীব্র যানজট তারমধ্যে মুশলধারায় বৃষ্টি চরম ভোগান্তিতে ফেলেছে।
মামুন নামে একজন বলেন, গণপরিবহন সংকট তারমধ্যে কয়েকগুণ ভাড়া এ কারণে জীবনের ঝুঁকি স্ত্রী-সন্তানদের খোলা পিক-আপে নিয়ে যেতে বাধ্য হচ্ছি।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমান বলেন, মহাসড়কে মাঝে মাঝে গাড়ি বিকল ও দুর্ঘটনার কবলে পড়ায় তা সরিয়ে নিতে কিছুটা সময় লাগে ফলে অতিরিক্ত গাড়ি অতিরিক্ত গাড়ির চাপের কারণে কিছুটা ধীরগতি রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।








