পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী থানা দখলে নিয়ে বেশ কয়েকজনকে জিম্মি করেছিল জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান সদস্যরা। ঘটনার তিন দিন পর একটি ক্লিয়ারেন্স অপারেশনে সমস্ত জিম্মিদের উদ্ধার ও ৩৩ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।
রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার সেনানিবাসের থানার ভেতরে বেশ কয়েকজন জঙ্গিকে বন্দী করে নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার হওয়া জঙ্গিদের মধ্যে একজন পুলিশের কাছ থেকে একটি একে-৪৭ ছিনিয়ে নিয়ে গুলি চালায়। এরপরই সেই জঙ্গি সেখানে আটক অন্যান্য জঙ্গিকে মুক্ত করে এবং পুরো কম্পাউন্ডের নিয়ন্ত্রণ নেয়। তারা বেশ কয়েকজন বেসামরিক ও পুলিশ সদস্যকেও জিম্মি করে।
প্রকাশিত একটি ভিডিওতে জিম্মিদের মুক্তির বিনিময়ে আকাশপথে আফগানিস্তানে নিরাপদে যাওয়ার দাবি করেছিল তেহরিক-ই-তালেবান সদস্যরা।
পাকিস্তান সরকারের তরফ থেকে সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ একটি অভিযান শুরু করে এবং দুপুর আড়াইটার মধ্যে অভিযান শেষ করে সব জিম্মিকে মুক্ত করা হয়েছে।
পাকিস্তান সরকার জানায়, এই অভিযানে মোট ৩৩ জঙ্গিকে হত্যা করা হয়েছে। তবে গোলাগুলিতে ১৫ সৈন্য আহত এবং দুইজন সৈন্য নিহত হয়েছেন।








