ওটিটি প্লাটফর্ম বঙ্গের প্রযোজনায় ‘হোটেল রিলাক্স’, ‘অসময়’, ‘দুঃখিত’, ‘ফিমেল ৪’ নির্মাণ করেন কাজল আরেফিন অমি। তার প্রতিটি কনটেন্ট একটি থেকে অন্যটি সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইমে রেকর্ড ভেঙেছে!
নির্মাতা অমির গড়া এসব রেকর্ড ভাঙতে চ্যালেঞ্জ ছুঁড়লেন রায়হান রাফী।
বঙ্গের প্রযোজনায় নতুন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ করতে যাচ্ছেন ‘তুফান’ খ্যাত এই নির্মাতা। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে পরিচালক রাফী বলেন, আমি যত কাজ করেছি সব রেকর্ড ভেঙে যায়। অমি আমার বন্ধু। সে বঙ্গ থেকে যে কাজগুলো করেছে, সেগুলো অনেক রেকর্ড গড়েছে। আমি বঙ্গের সাথে প্রথম কাজ করতে যাচ্ছি। অমিকে ছাড়িয়ে যাওয়ার জন্য আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম!
তিনি আরো বলেন, অমির সঙ্গে রেকর্ড ভাঙার যুদ্ধ হবে। এই যুদ্ধটা হোক কাজ দিয়ে। প্রথমবার ওয়েব সিরিজে নির্মাণ করতে যাচ্ছি। গল্পটি এমনভাবে তৈরি করেছি একেবারে শেষ দৃশ্যের আগ পর্যন্ত দর্শক বুঝতে পারবে না কী হতে যাচ্ছে।
‘ব্ল্যাক মানি’র মাধ্যমে প্রথমবার ওটিটিতে কাজ করতে যাচ্ছেন নায়ক রুবেল। এছাড়াও আছেন পূজা চেরী, সালাউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, পাভেল, মুকিত যাকারিয়া।
বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, বঙ্গ সবসময় দশকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে কন্টেন্ট নির্মাণ করে। এখনো পর্যন্ত প্রতিটি কন্টেন্ট দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। ‘ব্ল্যাক মানি’ও তার ব্যতিক্রম হবে না।
৭ অক্টোবর থেকে সৈয়দপুরে এর শুটিং শুরু হবে, নভেম্বরের শেষ এটি বঙ্গ অ্যাপে মুক্তি দেয়া হবে ‘ব্ল্যাক মানি’।








