রাড্ডা ক্লিনিক দখলমুক্ত, ফিরেছে নিজস্ব সাইনবোর্ড

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েকদিন পর প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড আবারও টাঙানো হয়েছে। একই সঙ্গে হামলার পর টাঙানো অন্য একটি সাইনবোর্ড সরিয়ে ক্লিনিকটিকে দখলমুক্ত করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ক্লিনিকের সংশ্লিষ্টরা সেখানে থাকা সাইনবোর্ডটি সরিয়ে দেন। পরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নিজস্ব সাইনবোর্ড লাগানো হয়।
হামলা ও ভাঙচুরের ক্ষত এখনো পুরোপুরি সারেনি। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামতের কাজ শুরু হয়েছে। কর্মীরা ক্লিনিকের বিভিন্ন জায়গায় সংস্কারকাজ করছেন।
তবে এতে চিকিৎসাসেবা বন্ধ হয়নি। ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবা দিচ্ছেন। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।
এর আগে ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সাইনবোর্ড টাঙানো হয়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।






