কুমিল্লা সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভোররাত থেকে কটকবাজার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, অভিযানে বেশ কয়েকটি পিস্তল ও বন্দুকসহ দুই বস্তা মোড়ানো ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি পিস্তল, ১টি রিভলবার, ২টি ওয়ান শুটার গান বিপুল পরিমান দা ছুরি ও চাইনিজ কুড়াল।
সকাল ১০টা পর্যন্ত কটকবাজার কবরস্থানের পাশের ওই পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, শ্যালো মেশিন ব্যবহার করে পুকুরের পানি সেঁচে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে র্যাব সদস্যরা। পুকুরটি সীমান্ত থেকে প্রায় সাড়ে ৩০০ মিটার দূরত্বে অবস্থিত। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে অভিযান শেষ হয়।
মেজর সাদমান ইবনে আলম জানান, মঙ্গলবার ভোর থেকেই অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত অভিযানে সাদা বস্তা ও স্কচটেপ মোড়ানো অবস্থায় ৩টি পিস্তল, ১টি রিভলবার, ২টি ওয়ান শুটার গান বিপুল পরিমান দা ছুরি ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তিনি জানান, নির্বাচন সামনে রেখে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







