চব্বিশ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে তৃতীয় গোলশূন্য ড্র ম্যাচ দেখল কাতার বিশ্বকাপ। আফ্রিকার দেশ মরক্কোর বিপক্ষে জয়হীন থেকে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া নষ্ট করেছে পয়েন্ট।
বুধবার আল বাইত স্টেডিয়ামে এফ গ্রুপের ম্যাচটি ছিল একেবারেই ম্যাড়ম্যাড়ে। দুই দলের কাছ থেকে পাওয়া যায়নি আকর্ষণীয় ফুটবলের খোঁজ।
ম্যাচের ১৯ মিনিটে ক্রোয়েশিয়া প্রথম গোলের সুযোগ পেয়েছিল। ফরোয়ার্ড ইভান পেরিসিচের বাঁ-পায়ের দূরপাল্লার শট পোস্টের অনেক উপর দিয়ে চলে যায়।
যোগ করা সময়ের প্রথম মিনিটে বর্না সোসার ক্রসে বল পেয়ে ডান পায়ে শট নেন মিডফিল্ডার নিকোলা ভ্লাসিচ। তার শট এগিয়ে এসে ডান পায়ের হাঁটু দিয়ে প্রতিহত করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো।
পরের মিনিটে লুকা মদ্রিচের বাঁ-পায়ের শট অল্পের জন্য পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়।
বিরতির পর ৫১ মিনিটে হাকিম জিয়েচের অ্যাসিস্টে বল নিয়ে সোফিয়ান বাউফলের শট বক্সের ভেতর থাকা ডেজান লভরেনের গায়ে লেগে ফেরে। মরক্কোর খেলোয়াড়রা হ্যান্ডবল হয়েছে এই দাবিতে পেনাল্টির আবেদন করলেও রেফারি সাড়া দেননি।
পরের মিনিটে নাসেইর মাজরাউইয়ের দূরহকোণ থেকে নেয়া হেড এক হাতে ঠেকান ক্রোয়েশিয়ার গোলরক্ষক। এসময় নাসেইর হেড করতে গিয়ে পায়ে চোট পান। খানিক পর মাঠে ফিরলেও বেশিক্ষণ খেলা চালাতে পারেননি। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।
ম্যাচের ৬৫ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে ডান পায়ে দুরন্ত শট নেন আশরাফ হাকিমি। মরক্কোর তারকা ডিফেন্ডার হাকিমির শট ফিস্ট করে ঠেকিয়ে দেন ক্রোয়েট গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ।
খেলার বাকি সময়ে দুদল গোলের উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। ফলে এক পয়েন্ট নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে।








