ইতিহাস বলছে, বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস দুদলই হয়েছে একে অন্যের কান্না-হাসির কারণ। কাতারে এবার কেউ কাউকে ছাড় দেয়া যেন বারণ। ৫ বারের মুখোমুখিতে দুই জয়, দুই হার ও এক ড্র।
সবশেষ ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলের দেখা পাওয়া যায়নি। টাইব্রেকারে গড়ায় ম্যাচ। ৪-২ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছিল মেসির দল।
শেষ ষোলোর দুটি ম্যাচের নিষ্পত্তি টাইব্রেকারে হয়েছে। কোয়ার্টার ফাইনালেও এমন কোনো কিছু ঘটার সম্ভাবনা উড়িয়ে দেয়ার অবকাশ নেই। ডাচদের বিপক্ষে তাই টাইব্রেকারে খেলা গড়াতে পারে ভেবেই সেরে নিয়েছে প্রস্তুতি।
তবে টাইব্রেকার নামক লটারিতে ফলাফল নির্ধারণ সেটি একেবারেই চাইছেন না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি এমনটাই বলেছেন।
খেলোয়াড়রা পেনাল্টি শুট আউটের প্রস্তুতির অংশ হিসেবে বলে লাথি মেরেছে। তারা অনুশীলনে সবসময় এমনটা করে থাকে।
আপনি যখন পেনাল্টি শুটআউটে যান তখন এটি ভাগ্যের উপর নির্ভরশীল। আমি আশা করি টাইব্রেকার পর্যন্ত আমরা যাবো না এবং তার আগেই ম্যাচটি জিতব। ফুটবল কখনো কখনো খুব সুন্দর হতে পারে। কখনো আবার এটা নিষ্ঠুর হতে পারে।







