ওয়েলসের বিপক্ষে প্রত্যাশিত ফল পেয়েছে ইংল্যান্ড, জিতেছে ৩-০ গোলের বড় ব্যবধানে। জোড়া গোল করেন মার্কাস রাশফোর্ড। প্রথম গোলটি করার পর তিনি আকাশের দিকে দুই হাত তুলে কিছু একটা ইঙ্গিত করেছিলেন। ম্যাচ শেষে নিজেই দিলেন তার ব্যাখ্যা।
ম্যাচ শেষে ৩১ বর্ষী ফরোয়ার্ড জানালেন করুণ কাহিনী। কয়েকদিন আগে তার বন্ধু মারা যান। তাকে গোল উৎসর্গ করতেই রাশফোর্ডের এমন উদযাপন ছিল।
‘দুর্ভাগ্যজনকভাবে কয়েকদিন আগে আমি আমার এক বন্ধুকে হারিয়েছি। সে ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করেছিল। আমি খুশি কারণ তার হয়ে গোল করতে পেরেছি। সে চমৎকার মানুষ ছিল এবং তাকে বন্ধু হিসেবে জীবনে পাওয়ায় আমি আনন্দিত।’
গোলশূন্য প্রথমার্ধের পর ৫০ মিনিটে রাশফোর্ডের লক্ষ্যভেদে লিড পায় ইংল্যান্ড। বল জালে জড়ানোর পর গোলটি বন্ধুকে উৎসর্গ করেন। ৬৮ মিনিটের মাথায় তিনি আবারো গোলের দেখা পান। তাতেই ইতিহাস গড়ে ইংল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে এটি দলটির শততম গোল।







