ধর্মশালাতে প্রভসিমরন সিংয়ের ৯১ রানের ইনিংসে দুই শতাধিক রানের সংগ্রহ গড়েছিল পাঞ্জাব কিংস। জবাবে নেমে আয়ুষ বাদুনির ব্যাটে ভর করে লড়াই করেছিল লক্ষ্ণৌ। তবে তীরে আর পৌঁছাতে পারেনি। ৩৭ রানে হেরে গেছে রিশভ পান্টের দল। লক্ষ্ণৌকে হারিয়ে টেবিলের দুইয়ে উঠেছে পাঞ্জাব।
হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোশিয়েসন মাঠে টসে হেরে আগে ব্যাটে নামে পাঞ্জাব। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ২৩৬ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৮ উইকেটে ১৯৯ রানে থামে লক্ষ্ণৌর ইনিংস। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে পাঞ্জাব। সমান ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে সাতে লক্ষ্ণৌ। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
পাঞ্জাব ওপেনার প্রভসিমরন সিং ৬টি চার ও ৭টি ছক্কায় ৪৮ বলে ৯১ রান করেন। ২৫ বলে ৪৫ রান করেন শ্রেয়াস আইয়ার। এছাড়া জশ ইংলিশ ১৪ বলে ৩০ রান এবং শেষদিকে শশাঙ্ক সিং ১৫ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন।
লক্ষ্ণৌর হয়ে দিগভেশ রাঠি ও আকাশ সিং দুটি করে উইকেটে নেন। প্রিন্স যাদব নেন এক উইকেট।
জবাবে নেমে লক্ষ্ণৌ টপঅর্ডারদের ব্যর্থতার পর হাল ধরেন আয়ুষ বাদুনি। ৫টি করে চার ও ছক্কায় ৪০ বলে ৭৪ রানের ইনিংস খেলেন। এছাড়া আব্দুল সামাদ ২৪ বলে ৪৫ রান করেন। বাকিদের মধ্যে আবেশ খান ১০ বলে ১৯ রান এবং রিশভ পান্ট ১৭ বলে ১৮ রান করেন।
পাঞ্জাব বোলারদের মধ্যে আর্শদীপ সিং ৩ উইকেট নেন। আজমতউল্লাহ ওমরজাই নেন দুটি উইকেট।








