কোটার শেষ ওভারের প্রথম বলে ছক্কা হজম করলেন মোস্তাফিজুর রহমান। তবে ঘুরে দাঁড়াতে সময় নিলেন না। দারুণ বোলিংয়ে শেষ তিন বলে দুই উইকেট শিকার করলেন লাহোর কালান্দার্সের অভিজ্ঞ পেসার।
করাচিতে শনিবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশাওয়ার জালমির বিপক্ষে শুরুতেও দারুণ বোলিং করেন মোস্তাফিজ। তাতে ইনিংস শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ৩০ খরচায় ২ উইকেটে।
প্রথম ওভারে ৪ রান দেন বাংলাদেশী এই পেসার। দ্বিতীয় ওভারেও ভালো দারুণ করেন তিনি। দেন মাত্র ৫ রান। কোন উইকেট না পেলেও নিজের প্রথম দুই ওভারে ৯ রান দেন বাঁহাতি পেসার। তবে তৃতীয় ওভারে বোলিংয়ে এসে এক ছক্কায় দেন ১৩ রান।
নিজের বোলিং কোটার শেষ ওভারে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ান মোস্তাফিজ। প্রথম বলেই লং অফে ক্যাচ দিয়েছিলেন মাইকেল ব্রেসওয়েল। চেষ্টা করলেও সেটা লুফে নিতে পারেননি সিকান্দার রাজা। তবে তৃতীয় বলে নিউজিল্যান্ডের ব্যাটার ব্রেসওয়েলকে ফেরান ফিজ। বাঁহাতি পেসারের স্লোয়ার লো ফুলটসে স্কয়ার লেগে আসিফ আলীর হাতে ক্যাচ দিয়েছেন। পরের বলটি ডট দিয়ে শেষ বলে শিকার করেন আমির জামেলের উইকেট। নিজের শেষ ওভারে দেন ৮ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেছে পেশাওয়ার জালমি। জবাবে ৬.১ ওভারে দুই উইকেট হারিয়ে ৪৪ রান করেছে মোস্তাফিজদের লাহোর।







