বেইরা বাইশা অঞ্চলে প্রস্তাবিত একটি মেগা সৌর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বিরুদ্ধে পর্তুগালের রাজধানী লিসবনে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) পরিবেশ ও কৃষিজমি রক্ষার দাবিতে শহরের কেন্দ্রস্থলে এ কর্মসূচি পালিত হয়।
এই বিক্ষোভে পরিবেশবাদী সংগঠন, স্থানীয় বাসিন্দা, কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্মের সদস্যরা অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, নবায়নযোগ্য জ্বালানির নামে বড় আকারের সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন উর্বর কৃষিজমি ধ্বংস, জীববৈচিত্র্যের ক্ষয় এবং গ্রামীণ জীবনব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিক্ষোভস্থলে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। তারা স্লোগান দেন—’মেগা সেন্ট্রাইস সোলারেস, নাও!’ এবং ‘Verde que mata verde não é sustentável’ (যে সবুজ অন্য সবুজকে ধ্বংস করে, তা টেকসই নয়)।
বিক্ষোভকারীরা জানান, নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা তারা অস্বীকার করেন না। তবে পরিবেশ, কৃষিজমি ও স্থানীয় মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত করে যে উন্নয়ন করা হয়, তা কখনোই টেকসই হতে পারে না। তারা ছাদভিত্তিক সৌর প্যানেল, পরিত্যক্ত জমিতে প্রকল্প স্থাপন এবং কমিউনিটি-ভিত্তিক ছোট সৌর উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।
অন্যদিকে, পর্তুগিজ সরকার জানিয়েছে, এ ধরনের প্রকল্প দেশের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জন এবং কার্বন নিঃসরণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে পরিবেশবাদীরা সতর্ক করে বলেন, পরিকল্পনাহীন জ্বালানি রূপান্তরের ফলে গ্রামীণ জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হলে তা ভবিষ্যতে নতুন সামাজিক ও পরিবেশগত নতুন সংকট সৃষ্টি করতে পারে।







