জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন জুলাই ২৪ শহীদ ও আহত পরিবারবর্গের সদস্যরা। ফাউন্ডেশনের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং কোষাধ্যক্ষকে অযোগ্য ও অবৈধ বলে উল্লেখ করে তাদের অবিলম্বে বহিষ্কারের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।
আজ (১২ মে) সোমবার সকাল থেকে রাজধানীতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ের সামনে আন্দোলনকারীরা “শহীদদের মর্যাদা রক্ষা করো”, “অবৈধ নিয়োগ বাতিল করো”, “শহীদ পরিবারের হাতে নেতৃত্ব ফিরিয়ে দাও”—ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
বিক্ষোভকারীদের দাবি, শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে এবং তাদের পরিবারের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ফাউন্ডেশনের নেতৃত্বে জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়োগ দিতে হবে। ফাউন্ডেশন শহীদদের নাম ব্যবহার করলেও, এর নেতৃত্বে এমন ব্যক্তিদের বসানো হয়েছে যারা শহীদ পরিবারের কেউ নন এবং তাদের নিয়োগের পেছনে রয়েছে রাজনৈতিক প্রভাব ও স্বার্থ।
তাদের অভিযোগ, নতুন সিইও ও কোষাধ্যক্ষের দায়িত্ব পালনে রয়েছে স্বচ্ছতার অভাব, এবং তাদের পদত্যাগ না হলে শহীদদের স্বপ্ন ও ফাউন্ডেশনের আদর্শ ব্যাহত হবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।








