ঈদে মুক্তির অপেক্ষায় সুপারস্টার শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’। নির্মাণের শুরু থেকে ‘প্রিয়তমা’ এতটাই আলোচিত যে এর নাম বুবলীর ‘প্রহেলিকা’র পোস্টারেও দেখা যাচ্ছে। নেটিজেনরা বলছেন, সিনেপ্রেমীদের নজরে আসতে বুবলীর ‘প্রহেলিকা’র লুক রিভিল পোস্টারে শাকিবকে ব্যবহার করা হয়েছে!
চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘প্রহেলিকা’য় বুবলীর নায়ক মাহফুজ আহমেদ। এই ছবিটিও ‘প্রিয়তমা’র সাথে মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। সেই লক্ষ্যে চলছে প্রচারণা। যার অংশ হিসেবে শুক্রবার (৯ জুন) একটি ক্যারেক্টার পোস্টার উন্মুক্ত করা হয়। যেখানে খাঁচাবন্দি অবস্থায় দেখা গেছে বুবলীকে।
সেই পোস্টারের লেখা, ”এক প্রিয়তমা’র বঞ্চনার গল্প”। পোস্টারটি বুবলী নিজে তার ফ্যান পেজে শেয়ার করেছেন। যেখানে অনেকেই মন্তব্যে বলেছেন, ব্যক্তিগত জীবনে সম্পর্ক ভেঙে যাওয়ায় বুবলী কিছুদিন আগে পরিষ্কারভাবে বলেছেন, তিনি কখনও শাকিব খান নামটি আর মুখে আনতে চান না।
নেটিজেনরা টিপ্পনী কেটে বলছেন, অথচ বুবলীর পোস্টারে শাকিবের ছবির নাম দিয়ে প্রমোশন করিয়ে নেয়া হলো! তবে ছবি সংশ্লিষ্টরা বলছেন, ‘প্রহেলিকা’র গল্পের সঙ্গে মিল রেখে এমনটি লেখা হয়েছে। একটি গণমাধ্যমে বুবলী জানিয়েছেন, ছবিতে তার চরিত্রটির নাম অর্পা। মেয়েটি দিনশেষে কি পেলে- সেটাই মূলত খোঁজার চেষ্টা করে ‘প্রহেলিকা’ সিনেমাজুড়ে।
প্রেম, দ্রোহের প্রেক্ষাপটে নির্মিত ‘প্রহেলিকা’। এ নিয়ে মাহফুজ আহমেদ বলেন, ছবিটির গল্প আমরা বলবো না। তবে এটুকু বলি, যে কোনও মানুষ সারাজীবন মনের মানুষকে খুঁজে ফেরে। সেটা শেষ পর্যন্ত পায় কিনা, এটা বড় একটা প্রশ্ন। ছবিটিতে সেই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছি আমরা।
অন্যদিকে, গেল মাসে শুরুতে হিমেল আশরারের নির্মাণে ‘প্রিয়তমা’র শুটিংয়ে নামেন শাকিব। প্রথমদিন শুটিংয়ে নেমেই একটি লুক ছাড়েন। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাঁড়ি, ময়লা পোশাক আর অগোছালো চেহারায় লম্বা চুল, ঠোঁটে জ্বলন্ত সিগারেট; শাকিবের নতুন এই লুকটি দেখে লুফে নেয় তার ভক্তরা।
চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ইউটিউবে এই লুক নিয়ে রীতিমত ঝড় উঠে যায়। প্রত্যেকেই প্রশংসা করছেন এমন লুকের! এই ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আরও অভিনয় করেন শহিদুজ্জামান সেলিম, জর্জ, ডন, এলিনা শাম্মী, সহীদ উন নবী।








