নেদারল্যান্ডসকে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালে উঠেছে ইংল্যান্ড। হ্যারি কেনদের সমর্থন দিতে শিরোপামঞ্চে গ্যালারিতে থাকবেন ব্রিটেন রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পাশাপাশি ফ্রান্সকে বিদায় করে ফাইনালে আসা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসও থাকবেন মাঠে।
শুক্রবার দুই ফাইনালিস্টের রাষ্ট্রীয় প্রধানের উপস্থিত থাকার কথা জানিয়েছেন জার্মান সরকারের একজন মুখপাত্র। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজও মাঠে থাকবেন।
জার্মানির বার্লিনে রোববার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। শিরোপা মহারণ গড়াবে বাংলাদেশ সময় রাত ১টায়। আসরে এপর্যন্ত সবগুলো ম্যাচ জিতে ফাইনালে উঠেছে স্পেন। চতুর্থ শিরোপার হাতছানি তারুণ্যনির্ভর দলটির। অন্যদিকে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন গতবারের রানার্সআপ ইংল্যান্ডের।








